জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম
সৌদি আরবের শহর জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আসরটির নিলামের আয়োজন ভারতের বাইরে হতে যাচ্ছে। চলতি বছর এটির ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
নিয়মিত নিলামের বিপরীতে প্রতি তিন বছর পরপর বসে আইপিএলের যে মেগা নিলাম। একদিনের পরিবর্তে দুই দিন চলে ক্রিকেটারদের কেনার কার্যক্রম। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দশটি ফ্র্যাঞ্চাইজি আগামী তিন বছরের (২০২৫-২০২৭ সাল) জন্য স্কোয়াড তৈরি করবে।
মেগা নিলামের আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফ্র্যাঞ্চাইজিগুলো নির্ধারিত সময়ের মধ্যে তালিকা তালিকা জমা দিয়েছে। আসরের ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে।
প্রতিটি দল স্কোয়াড তৈরির জন্য মোট ১২০ কোটি টাকা খরচ করতে পারবে। খেলোয়াড় ধরে রাখার পর পাঞ্জাব কিংস সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ১১০ কোটি ৫০ লাখ রুপি খরচের ক্ষমতা রাখবে। কারণ দলটি মাত্র দুইজন অনভিষিক্ত খেলোয়াড়কে ধরে রেখেছে। রাজস্থান রয়্যালস ৬ ক্রিকেটার ধরে রাখায় নিলামে ৪১ কোটি রুপির বেশি খরভ করতে পারবে না। কলকাতা নাইট রাইডার্স সমপরিমাণ খেলোয়াড় ধরে রাখলেও তাদের ব্যয়ের সীমা ৫১ কোটি রুপি।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন রাখা যাবে। কোনো দল যদি নিলামের আগে পাঁচজনের কম ক্রিকেটার ধরে রাখে, তবে রাইট-টু-ম্যাচ (আরটিএম) পদ্ধতিতে বাকি ক্রিকেটারদের দলে ফেরাতে পারবে।