ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ১৯ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ রান ও ২৭ রানে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের দল। 

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস। এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। সিরিজের ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের পাশাপাশি জয় দিয়ে সফর লিটন দাসের দলের শেষ করার লক্ষ্য।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ব্যাকফুটে থেকে টি-২০তে খেলতে নেমেছিল টাইগাররা। কিন্তু এক ম্যাচ হাতে থাকতেই ফরম্যাটটির  দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা।

Advertisement

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের সফর শুরু করেছিল বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নজির গড়ে।

টি-২০ সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে অনবদ্য ৩৫ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সিরিজ জয়কে বড় অর্জন মনে করছেন শামীম। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় মনে করি দল যে পরিস্থিতিতেই থাকুক না কেন আমি যদি ভালো খেলি, তাহলে আমরা একটি ভালো স্কোর করতে পারবো। আমার সবসময় ইতিবাচক চিন্তা আছে। আমি ভালো খেলতে পেরে খুশি, আমার পরিবার এবং দেশও খুশি। আমরা ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজ জিতেছি এবং এটি একটি বিশাল অর্জন।’

দ্বিতীয় টি-২০তে আঙুলে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। তাই সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না। আগামী ৩-৪ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। শেষ ম্যাচের একাদশে তাই বাংলাদেশ পরিবর্তন আনবে।

ধীরগতির উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামলাতেই ওয়েস্ট ইন্ডিজকে হিমশিম খেতে হয়েছে। ক্যারিবীয়দের তাই হোয়াইটওয়াশ এড়াতে সেরা পারফরম্যান্স করতে হবে ।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেছেন, ‘ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের জন্য গত কয়েকটি সিরিজে আমরা বাজেভাবে হেরেছি। আমাদের এ বিষয়গুলো নিয়ে ভাবতে এবং সমাধান বের করতে হবে। বোলাররা ভালো করছে। কিন্তু ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা জ্বলে উঠতে পারছি না এবং পুরোপুরিভাবে লড়াই করতে পারছি না।’

এই ফরম্যাটে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে এবং হেরেছে ৯টিতে। দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!