ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ২৬ আগস্ট ২০২৪
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশের দাবি
ছবি- সংগৃহীত

কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশের জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃততে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম উচ্চারিত হলেও প্রকৃত অর্থে দুঃখজনক হলেও সত্য যে, সরকারের কোনো আনুষ্ঠানিক দলিলপত্রে জাতীয় কবি হিসেবে তার নাম নাই। স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসাবে ঘোষণা করে গেজেট প্রকাশ না করা শাসকগোষ্টির চরম ব্যর্থতা।

Advertisement

এতে আরো বলা হয়েছে, জাতীয় পর্যায়ে ও রাষ্ট্রীয় বিভিন্ন আয়োজনে কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে লেখা হলেও সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় আর্কাইভ, নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির কোথাও কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা করা সংক্রান্ত সরকারি কোনো প্রজ্ঞাপন বা অন্য কোনো দলিল পাওয়া যায়নি। যা জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। লোকমুখে প্রচারিত তথ্যের ভিত্তিতে তিনি বাংলাদেশের জাতীয় কবি, কাগজে-কলমে প্রাতিষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নন।

সেখানে বলা হয়, বিভিন্ন সরকারি আয়োজনে তাকে জাতীয় কবি হিসেবে উল্লেখও করা হয়। কিন্তু সবই পরোক্ষ স্বীকৃতি। এমন স্বীকৃতি কালের পরিবর্তনে মুছে যেতে পারে। আগামীর প্রজন্ম একদিন হয়তো না-ও জানতে পারে যে, আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।

‘আমাদের জাতীয় প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম বাঙালীদের শ্রেষ্ঠ সম্পদ। তিনি আমাদের রেনেসাঁর অগ্রদূত ও ঐতিহ্যের রূপকার। তিনি আমাদের ইতিহাসের অংশ। ইতিহাস ও জাতীয় স্বীকৃতি কখনো অলিখিত থাকতে পারে না। অলিখিত ইতিহাস ও তথ্য সময়ের বিবর্তনে বিলিন হয়ে যায়।’

নেতৃদ্বয় অবিলম্বে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য ছাত্র-জনতার গণআন্দোলনে প্রতিষ্ঠিত সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বলেন, কাজী নজরুল আমাদের জাতিসত্তার অন্যতম রূপকার। স্বাধীনতার পথিকৃত, সামনে চলার প্রেরণা। যার রচনা আমাদের পথ দেখায়, অনাচার-অত্যাচার, জুলুম-পীড়নের বিরুদ্ধে বিদ্রোহী হতে আহ্বান জানাই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!