ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
জামাতের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ফটো

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমানের বক্তব্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেট পর্যন্ত ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন।

Advertisement

ঘটনার সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের একটি গাড়ি ও ভেকু ভাঙচুরের খবরও পাওয়া গেছে। সংঘর্ষের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪মুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ডা. শফিকুর রহমান বলেন, মিরপুর রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই এলাকার মানুষের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সংঘাতের পরিবর্তে বাস্তবতা বিবেচনায় এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র নিয়মিত চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগের কথাও উল্লেখ করেন জামায়াতের আমির। তিনি এ ধরনের অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

ক্যাপশন: মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের পর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!