সরকারকে যে হুঁশিয়ারি দিলেন মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের মানুষকে ‘হাইকোর্ট দেখানোর’ চেষ্টা না করতে। এমন চেষ্টা করা হলে জনগণ রাজপথে জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
.png)
বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখা এ সমাবেশের আয়োজন করে। সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, ‘আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি—বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, তারা শেখ হাসিনার মতো প্রতাপশালী ও স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি সমর্থকরাও টিকিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
রাড্ডা কাণ্ডের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, এর দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপর বর্তায় না; এর দায় প্রধানমন্ত্রীকেও বহন করতে হবে। তিনি দলীয় ফোরাম নিয়ন্ত্রণ, গণভোটের রায় কার্যকর, তেল-গ্যাস-বিদ্যুৎসহ জনসাধারণের সমস্যা সমাধানে জবাবদিহির ব্যবস্থা এবং সিন্ডিকেট প্রথা বন্ধের দাবি জানান।
তিনি আরও বলেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। জনগণের ম্যান্ডেট ও রায়ের প্রতি রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধাশীল থাকা উচিত বলেও মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, রাজপথে নামতে তারা ছয় মাস সময় নিয়েছেন। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ছয় মিনিটও দেরি করেনি—এমন অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সংসদ সদস্যের শপথ নেওয়ার পর সরকার ও মন্ত্রিসভা গঠন এবং ক্ষমতার ভাগাভাগির পাশাপাশি চাঁদাবাজি শুরু হয়েছে।
একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে দাবি করে তিনি বলেন, এক ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের মানুষ সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক। এ ছাড়া কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ মহানগর-জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।