ভাষা দিবসে বইমেলায় উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবসে আজ জমে উঠেছে অমর একুশে বইমেলা। সকাল থেকেই মেলায় ব্যাপক লোকসমাগম। বিকেলে হাজার হাজার বইপ্রেমীর পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় বইমেলা প্রাঙ্গণ।
অনুপ্রাণন প্রকাশনীর স্টলকর্মী সাদিয়া ইয়াসমিন অনন্যা বলেন, এবারের মেলায় শুরু থেকেই অনেক বেশি প্রাণচাঞ্চল্য। মেলা জমে উঠেছে। বিক্রিও ভালো হচ্ছে।
বইমেলায় প্রথম ঘুরতে আসা শিক্ষার্থী মো. হাসিবুর রহমান বলেন, এবার প্রথম বইমেলায় এসেছি। আমি নড়াইল থেকে এসেছি। খুব ভালো লাগছে। সত্যিই বাঙালির প্রাণের এই আসরে এসে অনেক ভালো লাগছে।
.png)
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকেরুল ইসলাম বলেন, মেলায় ঘুরে ঘুরে বই দেখছি। প্রথমে দেখবো। তারপর পছন্দের বইগুলো কিনবো।
লেখক ও দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম ডেইলি বাংলাদেশকে বলেন, এবারের বইমেলায় পলল প্রকাশনী থেকে ‘লণ্ঠন হাতে কণ্টক পথে’ আমার প্রথম বই প্রকাশিত হয়েছে। বইয়ে আমার ৩ দশকের সাংবাদিকতার জীবনের নানা অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া নব্বই দশকে আমার ক্যাম্পাস সাংবাদিকতার উত্তাল দিনগুলোর বর্ণনাও দেওয়া হয়েছে বইয়ে। প্রথম বই প্রকাশেই পাঠকদের ভালো সাড়া পাচ্ছি।
কবি আতিক আলতাফ বলেন, ৫৬ মিলি স্যাভলনের শিশি নামে একটি কাব্যগ্রন্থ গত মেলার সময় লিখেছিলাম। এবারো সেটা স্টলে পাওয়া যাচ্ছে। করোনার সময়ের দুর্ভোগ ও অব্যবস্থাপনা নিয়ে লেখা কবিতাগুলো স্থান পেয়েছে আমার এ বইয়ে।
অনুপ্রাণন প্রকাশনী প্রকাশক শফিক হাসান বলেন, যতটা উপস্থিতি ততটা বিক্রি আসলে হয় না। বিশেষত মৌলিকধর্মী সাহিত্যের বইয়ের প্রতি এ প্রজন্মের পাঠকদের একটা অনীহা রয়েছে। যারা আসছে তারা সবাই যদি একটা করে হলেও বই কেনেন তাহলে লেখক উৎসাহিত হবেন। বেঁচে থাকবে সাহিত্যের চর্চাও।
এদিকে বইমেলার তথ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মেলায় নতুন বই এসেছে ৩০৩টি।