ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

কুবিতে ডেঙ্গু প্রতিরোধে শাখা ছাত্রদলের স্মারকলিপি ও মশক নিধন কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কুবিতে ডেঙ্গু প্রতিরোধে শাখা ছাত্রদলের স্মারকলিপি ও মশক নিধন কর্মসূচি
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন কুবি শাখা ছাত্রদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নিজেদের উদ্যোগে মশক নিধন কর্মসূচির পাশাপাশি উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর উপস্থিত নেতা-কর্মীরা ক্যাম্পাসের সব একাডেমিক ভবনের আশপাশে মশা নিধনকারী ওষুধ স্প্রে করেন। 

Advertisement

স্মারকলিপিতে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ড্রেন-নালা নিয়মিত পরিষ্কার, মশক নিধন কর্মসূচি পরিচালনা এবং শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সতর্ক করতে প্রচার চালানোসহ ১০টি দাবি জানান তারা। 

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্যসচিব মো. আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসজুড়ে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শিগগিরই ‘গ্রিন-ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করা হবে।’ 

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়ায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। পাশাপাশি যেখানে শিক্ষার্থীদের চলাচল রয়েছে, এমন জায়গায় স্প্রে করা হয়েছে। প্রথম ধাপে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশা নিধনকারী ওষুধ স্প্রে করা হয়েছে। পরবর্তীতে আবাসিক হলগুলোর আশপাশেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করবে যাতে শিক্ষার্থীরা ডেঙ্গুমুক্ত থাকতে পারে।'

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!