জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় মেডিকেল সেন্টারের ল্যাবে আধুনিক মাইক্রোস্কোপ, হেলথ চেকআপ ডিজিটাল মনিটর ও এক্স-রে ফিল্ম ভিউয়ার সংযোজন করা হবে। পাশাপাশি রোগীবান্ধব একাধিক ট্রলি, ছয় শয্যার ডাবল-ফাংশন ইমার্জেন্সি বেড, পাঁচ টন এসি এবং আবাসিক হল ও মেডিকেল সেন্টারের জন্য ২২টি হুইলচেয়ার সংযোজন করা হবে।
.png)
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঢাকা থেকে দূরত্বের কারণে ক্যাম্পাসের ২০ কিলোমিটারের মধ্যে জরুরি চিকিৎসাসেবার তীব্র ঘাটতি ছিল। জাকসুর এই উদ্যোগ মেডিকেল সেন্টারটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের সূচনা করবে।
তিনি আরো বলেন, ১০৮ কোটি টাকার ঘাটতি বাজেটের এই সরকারি বিশ্ববিদ্যালয়ে কেবল সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে হার্ভার্ডের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের অনুসরণে প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, ২৫ লক্ষাধিক টাকার এই প্রকল্পটি সম্পূর্ণ আমাদের উদ্যোগে বাস্তবায়িত হতে যাচ্ছে। এর আওতায় জাবি মেডিকেল সেন্টারের ল্যাবে আধুনিক মাইক্রোস্কোপ, হেলথ চেকআপ ডিজিটাল মনিটর, এক্স-রে ফিল্ম ভিউয়ার, রোগীবান্ধব একাধিক ট্রলি, ছয় শয্যার ডাবল-ফাংশন ইমার্জেন্সি বেড (ছেলে ও মেয়েদের কক্ষের জন্য), পাঁচ টন এসি এবং হল ও মেডিকেল সেন্টারের জন্য ২২টি হুইলচেয়ার সংযোজন করা হবে।
তিনি আরও বলেন, এছাড়া প্রথমবারের মতো জাবি মেডিকেল সেন্টারে অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হচ্ছে। পাশাপাশি ১০ শয্যাবিশিষ্ট একাধিক ওয়ার্ডের কাজ শুরু হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় আরও বিভিন্ন ধরনের ল্যাব ইকুইপমেন্ট সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
জিএস বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নেওয়া এই প্রকল্পে স্পন্সর করেছেন বিশিষ্ট ক্লিনিক্যাল এমব্রায়োলজিস্ট ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান।
এসময় জাকসুর নেতৃবৃন্দ, মেডিকেল সেন্টারের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।