ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের নিয়োগের অভিযোগ, ছাত্রশিবিরের নিন্দা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের নিয়োগের অভিযোগ, ছাত্রশিবিরের নিন্দা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগে রাজনৈতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক প্রভাবের অভিযোগ তুলেছে ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনুমোদন পাওয়া ১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে একটি নির্দিষ্ট এলাকার প্রার্থীদের নিয়োগে প্রাধান্য দেওয়ার অভিযোগও করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ যৌথ বিবৃতিতে এসব অভিযোগ করেন। বিবৃতিতে তারা নিয়োগ প্রক্রিয়ার নিন্দা ও প্রতিবাদ জানান।

ছাত্রশিবিরের নেতাদের দাবি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের অনুমোদন পাওয়া ১২ কর্মচারীর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য রয়েছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদের ক্যাম্পাসে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক।

Advertisement

বিবৃতিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনার সুযোগ নেই। যোগ্যতা, মেধা ও প্রচলিত বিধিবিধানের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত।

তবে ছাত্রশিবিরের অভিযোগ, উপাচার্যের নিজ এলাকা এবং দলীয় পরিচয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে প্রশাসনের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মীকে ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ বাতিল এবং আঞ্চলিক ও রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান।

ডেইলি-বাংলাদেশ/চবি/এমকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!