ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জাবিতে গণমাধ্যমকর্মীদের তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে গণমাধ্যমকর্মীদের তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু
জাবিতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ও প্রশিক্ষকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত গণমাধ্যমকর্মীদের জন্য মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কর্মশালার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতার আধুনিক পদ্ধতিগুলো ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, অন্যায় ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য আলোকবর্তিকার মতো কাজ করেন।

Advertisement

তিনি আরও বলেন, সাংবাদিকদের তুলে ধরা অনিয়ম ও সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করছেন, তাদের শিক্ষার্থী ও সাংবাদিক হিসেবে দুটি পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

সাংবাদিক সমিতির যেকোনো ইতিবাচক উদ্যোগে তার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান উপ-উপাচার্য।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর খণ্ডকালীন শিক্ষক নাজিয়া আফরিন মনামী, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম ও প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহীদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জাবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যরা অংশ নিচ্ছেন। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিভিন্ন মাধ্যমের ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিকতার আধুনিক বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!