ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবির মুক্তমঞ্চের সৌন্দর্যবর্ধনে ছাত্রদল নেতা শাকিলের উদ্যোগ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ২০ অক্টোবর ২০২৬
জাবির মুক্তমঞ্চের সৌন্দর্যবর্ধনে ছাত্রদল নেতা শাকিলের উদ্যোগ
দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন রঙে সেজেছে জাবির সেলিম আল দীন মুক্তমঞ্চ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাকিল সরদার। নিজের অর্থায়নে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মুক্তমঞ্চের দেয়াল থেকে পুরোনো পোস্টার ও আঠার অবশিষ্টাংশ পরিষ্কার করে নতুন করে রং করার উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সেলিম আল দীন মুক্তমঞ্চে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘদিন ধরে দেয়ালে পোস্টার, আঠার অবশিষ্টাংশ ও ময়লা জমে থাকায় স্থানটির সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছিল। এ অবস্থায় মুক্তমঞ্চের সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেন শাকিল সরদার।

কর্মসূচির আওতায় দেয়াল থেকে পুরোনো পোস্টার ও আঠার অবশিষ্টাংশ অপসারণ এবং নতুন করে রং করার মাধ্যমে মুক্তমঞ্চের সৌন্দর্য ফিরিয়ে আনার কাজ সম্পন্ন করা হয়েছে।

শাকিল সরদার বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান। সেলিম আল দীন মুক্তমঞ্চ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র। এই স্থানটির সৌন্দর্য নষ্ট হতে দেখে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় এর আগেও বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কাজ করে যেতে চান।

তিনি মনে করেন, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব। এ জন্য সবাইকে নির্ধারিত স্থানে পোস্টার লাগানো এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,এর আগে চলতি বছরের ৭ মে বিশ্ববিদ্যালয়ের বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন শাকিল সরদার।এ ছাড়া ক্যাফেটেরিয়ায় চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!