ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবিতে লোকপ্রশাসন বিভাগের তিন ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৪ নভেম্বর ২০২৬
জাবিতে লোকপ্রশাসন বিভাগের তিন ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
কার্যনির্বাহী কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও নবগঠিত কমিটির সদস্যরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে তিনটি ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবগুলো হলো—পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেট ক্লাব (পিএডিসি), পিএ স্পোর্টস ক্লাব (পিএএসসি) এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার ক্লাব (পিএসিসি)।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিভাগের সেমিনার রুমে লোকপ্রশাসন শিক্ষার্থী সংসদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাব তিনটির কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক আরজুমান নাজিজ ও শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ফাইরুজ আনিকা।

এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক আরজুমান নাজিজ বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের কোনো বিকল্প নেই। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, ক্লাবগুলোর কার্যক্রম যেন শুধু কমিটি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং নিয়মিত আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যায়।

এ সময় শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ফাইরুজ আনিকা, শিক্ষার্থী সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) রাফি, কোষাধ্যক্ষ আতিকুর রহমানসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্লাবগুলোর যাত্রা শুরু হয়। তবে একপর্যায়ে কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতি কাটিয়ে ক্লাবগুলোর কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করার লক্ষ্যে লোকপ্রশাসন শিক্ষার্থী সংসদের উদ্যোগে নতুন করে গঠনপ্রক্রিয়া সম্পন্ন এবং কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!