ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবিসাসের আয়োজনে জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসব, নিবন্ধন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ১২ নভেম্বর ২০২৬
চবিসাসের আয়োজনে জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসব, নিবন্ধন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬’। এবারের উৎসবের আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩৫০ টাকা।

 

বুধবার (১১ নভেম্বর ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উৎসবের সদস্যসচিব ও চবিসাসের যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী।

 

‘With Truth, Courage, and Struggle’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণের কথা রয়েছে। ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্য ও সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

দিনব্যাপী উৎসবে থাকছে ‘Best National Campus Journalism Award’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।

 

উৎসবে ‘Best National Campus Journalism Award’-এর আওতায় ইনভেস্টিগেটিভ নিউজ ও ফিচার নিউজ—দুটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পনির্ভর প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে। এ ছাড়া সেমিনার ও প্যানেল আলোচনায় সাংবাদিকতার সমসাময়িক চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা করবেন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা। স্টোরিটেলিং সেশনে তুলে ধরা হবে সাংবাদিকতার মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে।

 

উৎসবের সার্বিক ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ও আটটি উপকমিটি গঠন করেছে আয়োজক সংগঠন। কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সমন্বয়ক হিসেবে রয়েছেন চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী।

আটটি উপকমিটির দায়িত্বে রয়েছেন আজিমুল ইসলাম, রেদ্ওয়ান আহমদ, আতিকুর রহমান, গোলাম রব্বি, মহসিন, জাহিদুল হক, মো. ফুয়াদ মন্ডল ও মো. শামীম হোসাইন।

 

উৎসবের সদস্যসচিব মুহাম্মাদ মুনতাজ আলী বলেন, ‘জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসব শুধু একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা চাই, এ আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হোক। প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী।’

 

আগ্রহী ক্যাম্পাস সাংবাদিকরা রেজিস্ট্রেশন লিংক:- https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6 পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

ডেইলি-বাংলাদেশ/চবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!