ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

ফ্যাসিস্টকে সহযোগিতার অভিযোগে ইবিতে আওয়ামীপন্থী ২ কর্মকর্তাকে মারধর

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ১৮ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টকে সহযোগিতার অভিযোগে ইবিতে আওয়ামীপন্থী ২ কর্মকর্তাকে মারধর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে সহযোগিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মকর্তাকে মারধর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তরা হচ্ছে- শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ অন্তত ২০ থেকে ৩০ জন নেতাকর্মী। ভুক্তভোগী কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।

‎জানা যায়, এদিন দুপুরে দেশব্যাপী আওয়ামীলীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে কয়েকবার শোডাউন দিয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখান থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে প্রশাসন ভবনে গিয়ে উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসকে মারধর করে। পরে মেহেদী হাসান একই স্থান থেকে যাওয়ার সময় তাকেও মারধর করে।  এসময় প্রশাসন ভবনের তৃতীয় তলার গোপনীয় শাখার দরজাও ভাংচুর করে তারা।

‎ভুক্তভোগী চন্দন কুমার দাস বলেন, 'আমি নিজ রুমে ভাত খাচ্ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ রুমে এসে আমাকে মারধর শুরু করে। এতে আমার ঠোঁট কেটে যায় ও শার্ট ছিড়ে যায়। আমাকে কেন মারধর করেছে আমি কিছুই জানিনা।'
‎
‎ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, 'আমি একটি কাজে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দিকে গিয়েছিলাম। এসময় ‘ধর শালাকে’ বলে কিছু লোক আমাকে হঠাৎ মারধর শুরু করে। আমি কোনরকম ছুটে গিয়ে তিনতলার একটি রুমে লুকাই। মারধরে আমার পা কেটে যায়, মাথায়ও আঘাত লাগে। পরে মেডিকেলে চিকিৎসা নিয়েছি।'

‎শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, "আমরা তার কক্ষে গেলে সে ছাত্রলীগের সাথে জুম মিটিংয়ে ছিল। তাছাড়া আমাদের কাছে তথ্য আছে চন্দন ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করেন। কিছুদিন আগে ভাটই বাজারে শিক্ষার্থীদের বাসে হামলার অর্থের যোগান তিনিই দিয়েছিলেন। ছাত্রদলের ছেলেরা উনাকে সম্ভবত দুই-একটা চড়থাপ্পড় মেরেছে।"

আইসিটি সেলের কর্মকর্তা মেহেদী হাসানকে মারধরের বিষয়ে তিনি বলেন, 'ওনার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওনার সাথে কথা হয়েছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, 'ঘটনার বিষয় আমি শুনেছি, তবে কে বা কারা গিয়েছিল আমাকে জানানো হয়নি। ওরা মারছে কি না, তা জানি না।'

ডেইলি-বাংলাদেশ/ইবি/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!