সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবনে যুবকের মরদেহ
রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন দারুস সালাম থানার উপ-পরিদর্শক শাহিদুল ইসলাম।
সরকারি বাঙলা কলেজের কর্তৃপক্ষ পুলিশকে জানায়, ভবনের পাঁচ তলায় একটি মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
.png)
শাহিদুল ইসলাম বলেন, মরদেহটি বেশ কয়েক দিন সেখানে ছিল। অনেকটাই গলিত অবস্থায় আমরা উদ্ধার করেছি। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।
আরো পড়ুন: শ্যামলীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এদিকে গত মঙ্গলবার পুরান ঢাকার গোলকপাল লেনে দুই ভবনের মাঝ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি যেখানে পড়েছিল, এর ঠিক সামনেই বংশাল থানা।
পুলিশ ধারণা করছে, ঐ যুবক কয়েকদিন আগে মারা যেতে পারেন। মরদেহে পচন ধরে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা বোঝা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বংশাল থানার উপপরিদর্শক রাজীব ঢালী জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন ঐ যুবক ভবঘুরে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্তও ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়া যায়নি।