রামপুরার পাওয়ার হাউজের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট প্রাথমিকভাবে যায়। পরে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি যেহেতু এটি বৈদ্যুতিক সাব স্টেশন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমাদের তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাবে না কি কারণে আগুন লেগেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।
আরো পড়ুন>>> রামপুরায় পাওয়ার হাউজে ভায়াবহ আগুন
এর আগে রোববার রাজধানী ভাটারা থানার বারিধারা ‘জে’ ব্লকের ৫ নম্বর রোডের একটি ভবনে লাগে। এ সময় ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, বারিধারায় ৬তলা ভবনের ৫তলায় আগুন লাগার সংবাদ পাই বিকেল ৪টা ২৪ মিনিটে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় বিকেল ৪টা ৩০ মিনিটে। ঘটনাস্থলে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, ছয়তলা এই ভবনটির পঞ্চমতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।