ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পুলিশ হেফাজতে ‘মাদক ব্যবসায়ী’র রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০৮:৪৫, ১৪ মে ২০২২
রাজধানীতে পুলিশ হেফাজতে ‘মাদক ব্যবসায়ী’র রহস্যজনক মৃত্যু
মিজানুর রহমান- ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মিজানুরকে নিলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, ইয়াবা ও গাঁজাসহ মিজানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। মিজানুর মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।

তবে সূত্র বলছে, গ্রেফতারের সময় হাজারীবাগ থানার এএসআই আজিজুল হক আসামি মিজানুরকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এদিকে, পুলিশি ঝামেলায় জড়াতে অনীহা প্রকাশ করেছেন মিজানুরের পরিবার। মিজানুরের স্ত্রী স্বামীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ। অন্যদিকে, মিজানুরের বড় ভাই মজিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, মারাই যখন গেছে, তখন আর এ নিয়ে কিছু করতে চাই না। ওপরে আল্লাহ আছেন। আর কিছু বলার নেই আমার।

হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান জানান, মিজানুরকে ইয়াবাসহ গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় গেটে পৌঁছালে সে অসুস্থ হয়ে পড়ে। তার শরীর ঘামাতে থাকে। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!