রোববার পল্লবীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির সদস্যদের আটক করা হয়। আটকরা হলেন- রাসেল, সজিব, সিফাত ও মিরাজ।
কিশোর গ্যাংয়ের হামলার শিকার শিক্ষার্থী মিঠু মিরপুরের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। শনিবার মিরপুর ১২ নম্বর ‘ডি’ ব্লক মাঠে কিশোর গ্যাংয়ের হামলায় মিঠু গুরুতর আহত হয়।
.png)
মিঠুকে পিটিয়ে একটি টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে চেয়েছিল ঐ কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনার পর মিঠুর বাবা আ. মান্নান ২৩ জনকে আসামি করে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ভুক্তভোগীকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে নিজেদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে ঐ কিশোর গ্যাংয়ের সদস্যরা। টিকটক ভিডিওর ঘটনাটি জানাজানি হলে ঐ কিশোর গ্যাংয়ের লিডার হাবিব শনিবার সন্ধ্যার দিকে মিঠুকে তার বাসার সামনে থেকে তুলে নিয়ে যায়।
তারা মিঠুকে মিরপুর ১২ নম্বরের একটি স্কুলের ভেতর দ্বিতীয় দফায় মারধর করে। এ ঘটনায় মিঠুর বড় ভাই মামুন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে মিঠুকে উদ্ধার করে।
এ বিষয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, পুলিশের একটি টিম রোববার অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার হাবিবসহ ৫ জনকে আটক করেছে। আমরা শনিবার থেকেই গ্যাং সদস্যদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। অন্যদের ধরতে অভিযান চলছে।