গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন, গ্রেফতার ১
রাজধানীর গুলিস্তানের একটি ছোট ঘরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৫টি নকল মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত মো. স্বপন (২৬) নামের মুঠোফোন তৈরির এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব বলেন, রোববার নকল মুঠোফোন তৈরির ঐ কারখানায় অভিযান চালিয়ে মুঠোফোনে ভুয়া আইএমইআই নম্বর বসানোর যন্ত্রও পাওয়া গেছে। সেখানে দিনে অন্তত ৫০টি নকল মুঠোফোন তৈরি করা হতো।
.png)
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতার স্বপনের গ্রামের বাড়ি জামালপুরে। দুই বছর আগে কাজের সন্ধানে তিনি ঢাকার মতিঝিলে আসেন। সেখানে একটি অফিসে কিছুদিন অফিস সহকারী হিসেবে চাকরি করেন। সেখানকার একজন কর্মীর মাধ্যমে তার এক মুঠোফোন মেরামতকারীর সঙ্গে পরিচয় হয়।
র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, স্বপন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তার প্রযুক্তিজ্ঞান ভালো ছিল। একপর্যায়ে তিনি অফিস সহকারীর চাকরি ছেড়ে বিনা বেতনে মুঠোফোন মেরামতের কাজ শুরু করেন। এই কাজ শেখার পর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মুঠোফোন তৈরি শুরু করেন। গত দুই বছরে প্রায় ১০ হাজার নকল মুঠোফোন তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছেন।