ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনলাইনে অর্ডারের পর অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, হাতে ধরিয়ে দেয় ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ১৩ অক্টোবর ২০২২
অনলাইনে অর্ডারের পর অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, হাতে ধরিয়ে দেয় ১০০ টাকা
ভুক্তভোগী নারীকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়- ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে পার্লারের কাজের জন্য হোম সার্ভিসের কথা বলে বাসায় ডেকে নিয়ে এক অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এ ঘটনায় বুধবার রাতে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। পরে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশ।

সেই রাতের ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী অন্তঃসত্ত্বার ভাই। তিনি বলেন, এক নারীর কাছ থেকে অনলাইনে বিউটি পার্লারের অর্ডার পেয়ে সাভার থেকে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় যায় আমার বোন। সেখানেই সে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

তিনি আরো বলেন, আমার বোন ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে অর্ডার নিয়ে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে দেয়। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে এক নারী তার পার্লারের কাজ করানোর জন্য ফোন দেন। পরে সাভার থেকে রাইড শেয়ারিংয়ে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছে গেলে ঐ নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান। এরপর তাকে বাসার দোতলায় নিয়ে একটি রুমে ঢোকানো হয়। ঐ সময় পার্লারের কাজ করানোর কথা বলা সেই নারী আমার বোনকে টাকার বিনিময়ে তিনজন পুরুষের কাছে দিয়ে যায়।

Advertisement

ভুক্তভোগীর ভাই বলেন, তিনজন পুরুষ আমার বোনকে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে। না খেলে মারধর করে। পরে দীর্ঘক্ষণ ধরে তিনজন ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল নিয়ে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার আগে হুমকি দিয়ে বলে, ‘এখান থেকে চলে যাবি, নইলে তোকে মেরে ফেলবো।’

ঐ সময় আমার বোন প্রাণ ভিক্ষা চেয়ে ও এ ঘটনা কাউকে না বলার আকুতি প্রকাশ করে বলে, ‘আমার কাছে ভাড়া নেই, ১০০ টাকা দেন চলে যাবো।’ পরে বাসা থেকে অনেক কষ্টে নিচে নেমে রাস্তায় আসে আমার বোন। অভিযুক্তরা রাস্তায় এসে ১০০ টাকা ও ফের হুমকি দিয়ে বলে, ‘সোজা বাসায় চলে যাবি।’

তিনি বলেন, আমার বোন ঘটনাস্থল থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত এসে তার স্বামীকে কল দেয়। পরে গাবতলী থেকে তাকে নিয়ে সাভারে যায় তার স্বামী। সাভার থেকে বুধবার ভোর ৫টায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ধানমন্ডিতে অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে হোম সার্ভিসের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় এক নারীসহ চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আমাদের তদন্ত চলমান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!