বিজয় দিবসে বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়
গৌরবময় বিজয় দিবস উদযাপন করতে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। একই সঙ্গে বিজয় উদযাপনে নেমেছে লাখো মানুষ। এতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখে গেছে উপচেপড়া ভিড়।
শুক্রবার বিকেলে সরেজমিন দেখা গেছে, জনসমাগমে জমজমাট হয়ে উঠে শাহবাগ, রমনা পার্ক ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থান। এসব জায়গায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। কেউ কেউ এসেছেন বন্ধু-বান্ধবসহ।
দর্শনার্থীরা জানান, এমনিতে বিজয় দিবস, সেই সঙ্গে ছুটির দিন। তাই পরিবারসহ ঘুরতে এসেছেন সবাই। শীতের বিকেলে সবারই ঘুরতে ভালো লাগছে।
.png)
বিজয়ের আনন্দ থেকে বাদ যায়নি রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলও। পুরো এলাকাজুড়ে শুধু মানুষ আর মানুষ। সবার মাঝেই বিরাজ করছে বিজয়ের আনন্দ। কেউ এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে, কেউবা বন্ধু-বান্ধব, প্রিয়জনকে নিয়ে। কারো পরনে ছিল লাল-সবুজ শাড়ি, কেউ শরীরে জড়িয়েছেন পতাকার আদলের পাঞ্জাবি। ছোট থেকে মধ্যে বয়সী অনেকেই মাথায় পরেছেন পতাকার ব্যান্ড, গালে রাঙিয়ে নিয়েছেন বিজয়ের বার্তা।
এদিকে, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার বিকেলে জাতীয় চিড়িয়াখানা ছিল দর্শনার্থীতে পূর্ণ। ঘুরে দেখা যায়, অসংখ্য মানুষ পরিবার ও ছোটদের নিয়ে ভিড় জমিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চিড়িয়াখানায় প্রায় ৫৫ হাজার দর্শনার্থী প্রবেশ করেছেন।