সোমবার অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা কার্যালয়ের অফিস প্রধান সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক তাহমিনা বেগম।
জব্বার মণ্ডল বলেন, নামিদামি প্রতিষ্ঠানটির রাজধানীতে বেশ কয়েকটি শাখা রয়েছে। খাবারের আড়ালে ‘কাচ্চি ভাই’ ক্ষতিকর কাপড়ের রং মেশাচ্ছিল, যা হাতেনাতে ধরা হয়েছে।
.png)
জানা গেছে, অভিযানের খবরে কাপড়ে ব্যবহারের রংয়ের ডিব্বা ময়লার ডাস্টবিনে ফেলে দেন কাচ্চি ভাইয়ের কর্মরত একজন। সেটি দেখে ফেলেন ভোক্তা কর্মকর্তা। সসের ডিব্বার মধ্যে রাখা হয়েছে এসব রং। ময়লার ডাস্টবিন থেকে ফেলে দেওয়া রংয়ের ডিব্বা বের করে আনেন ভোক্তা কর্মকর্তা।
এরপর কাচ্চি ভাইয়ের দায়িত্বে থাকা ম্যানেজার এটাকে ‘ফুড গ্রেড’ রং হিসেবে দাবি করেন। পরে সেই রং দুটি গ্লাসে ঢেলে দায়িত্ব থাকা ম্যানেজার ও তার সহকারীকে খেতে বলেন ভোক্তা কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল। যেহেতু ফুড গ্রেড, সেহেতু খেলে ক্ষতি হবে না। তবে সরাসরি গ্লাসে খেতে রাজি হননি তিনি।
পরে কাচ্চির সঙ্গে মিশিয়ে খেতে বলা হয়। তাতেও রাজি হননি। তারপর নিজ মুখে স্বীকার করেন এগুলো কাপড়ে ব্যবহারের রং, যা ফুড গ্রেড বলে ক্রেতাদের খাইয়ে আসছিলেন।
এরপরই এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানে জব্দ করা রং ধ্বংস করা হয়েছে।