[ রাজধানী ]
‘আমার এতিম ছেলেদের নিয়ে এখন কোথায় যাব’
নিউ সুপার মার্কেটের আগুনে ছেলেদের দোকান হারিয়ে দিশেহারা আমেনা বেগম
‘মানুষের কাছে ভাত বেচে টাকা জমিয়ে ছেলেদের এই দোকান করে দিয়েছিলাম। আমার এতিম ছেলদের নিয়ে এখন আমি কোথায় যাবো। ছোট ছোট দুইটা নাতিকে কীভাবে বড় করবো। এখন কীভাবে ঘর ভাড়া দিমু।’ চোখ মুছতে মুছতে আহাজারি করে কথাগুলো বলছিলেন নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় সুলতান ফ্যাশনের মালিকের মা আমেনা বেগম।
ভোরে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন রাজধানীর নিউ সুপার মার্কেটে। আগুনে দোকানের মালামাল হারিয়ে দিশেহারা আমেনা বেগম আর তার সন্তানরা।
তিনি বলেন, গতকাল ২ লাখ টাকার নতুন মালামাল তোলা হয়েছিল মার্কেটে। আর আজকের আগুনে আমাদের সব শেষ হয়ে গেলো। আমাদের আর কিছুই আর থাকল না। ছেলদের সান্ত্বনা দেবো কীভাবে?
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ আগুন নির্বাপণ করতে আরো সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
.png)
এদিকে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিউমার্কেটে আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!