ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেঙ্গু প্রতিরোধে আমরা বসে নেই: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ১৪ আগস্ট ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে আমরা বসে নেই: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা ডিএনসিসি থেকে তিন স্তরে কাজ করছি। কাউন্সিলরদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স বড় বড় ভবন ও নির্মাণাধীন ভবনের ডাটাবেইজ তৈরি করছে। আমি কাউন্সিলরদের নির্দেশনা দিয়েছি যেন নির্মাণাধীন ভবনের মালিককে চিঠি দিতে। আমরা বসে নেই। কাজ করে যাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর কাফরুলে উত্তর কাফরুল হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানের সময় এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কাজ চালানো হচ্ছে। স্কুলে স্কুলে প্রচারাভিযানে যাচ্ছি। আমি, আমার কাউন্সিলর ও কর্মকর্তারা কাজ করছি। তবে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনগণকে সচেতন হতে হবে।

Advertisement

তিনি বলেন, আমাদের ছোটমনিদের জানাতে চাই, মশার কামড় কত ক্ষতিকর। এ ব্যাপারে তাদের জানাতে পারলে, সচেতন করতে পারলে মশার কামড় থেকে রক্ষা পাবে। বইটিতে চিত্রাঙ্কন করার মাধ্যমে শিশুরা মশার কামড় থেকে বাঁচতে করণীয় সম্পর্কে শিখতে পারবে৷

আতিকুল ইসলাম বলেন, আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই, মশার বিরুদ্ধে। শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে আমরা ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারবো।  শিশুরা মশার প্রজননস্থল, ক্ষতিকর দিক সম্পর্কে জানলে পরিবারে এর প্রভাব পড়বে।

ডেঙ্গু সচেতনতায় শিশুদের আর্টবুকের সঙ্গে রঙ পেন্সিলও বিতরণ করা হবে বলে জানান মেয়র।  

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, স্কুলে স্কুলে প্রচারাভিযান ও আর্টবুক বিতরণের ফলে জনগণের মধ্যে সচেতনতা বাড়ছে। স্কুলে এসে দেখলাম সব শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জেনে গেছে; এডিস মশা কোথায় জন্মায়।

স্কুলে প্রচারাভিযান শেষে ডিএনসিসি মেয়র ইব্রাহিমপুরে সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ১৬নং ওয়ার্ডের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!