ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]
চকবাজারে আগুন

তালাবদ্ধ গুদাম ও সরু গলি পেরিয়ে সাড়ে ৩৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ১৪ অক্টোবর ২০২৬
তালাবদ্ধ গুদাম ও সরু গলি পেরিয়ে সাড়ে ৩৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণ
সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভেছে।

বুধবার ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৬টার দিকে চকবাজারের আগুন পুরোপুরি নির্বাপণ হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটরা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

শেষ পর্যন্ত ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সে সময় ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম ছিল। এসব গুদামের দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। তালা ও শাটার ভেঙে প্রবেশের পর আগুনের উৎস এবং বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন মোকাবেলা করতে হয়েছে।

ফায়ার সার্ভিস আরো জানায়, আগুন নেভাতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল। পানির সীমিত উৎস এবং সরু রাস্তার কারণে পানিবাহী গাড়ি নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!