ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৯ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।