ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণের নেশা যুবকের, গৃহবধূকে ধর্ষণের পর ছাড়লো না চাচিকেও

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২৪ অক্টোবর ২০২০
ধর্ষণের নেশা যুবকের, গৃহবধূকে ধর্ষণের পর ছাড়লো না চাচিকেও
মজিবুর রহমান শরীফ

নোয়াখালীর চাটখিলে দূর সম্পর্কের চাচিকে ধর্ষণ মামলায় গ্রেফতার মজিবুর রহমান শরীফ চারদিনের রিমান্ডে রয়েছেন। এরইমধ্যে তার বিরুদ্ধে আরো এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানান ওসি মো. আনোয়ারুল ইসলাম।

গৃহবধূর করা অভিযোগ সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলার নোয়াখলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করেন। সেই সুবাদে তিনি নাবালক ছোট ভাই, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকছেন। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর তার ছেলে-মেয়ে নানার বাড়িতে বেড়াতে গেলে ওইদিন রাতে ছোট ভাইসহ ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় ২টার দিকে ঘরের জানালার কাঁচ ভেঙে তার দিকে অস্ত্র ধরে দরজা খুলতে বলেন মজিবুর রহমান শরীফ। কিন্তু তিনি দরজা খুলতে চাননি। ওই সময় শরীফ দুই রাউন্ড গুলি চালান। এতে নিরুপায় হয়ে তিনি দরজা খুলে দেন।

Advertisement

এরপর শরীফ ঘরে ঢুকে গৃহবধূর ভাইকে আরেকটি কক্ষে নিয়ে ওড়না দিয়ে হাত-পা খাটের সঙ্গে ও গামছা দিয়ে মুখ বেঁধে রাখেন। পরে গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন শরীফ। যাওয়ার সময় কাউকে কিছু বললে হত্যার হুমকিও দিয়ে যান তিনি। বিষয়টি স্বামীকে জানান গৃহবধূ। কিন্তু শরীফ প্রভাবশালী ও অস্ত্রধারী সন্ত্রাসী হওয়ায় তিনি ভয়ে আর কাউকে ঘটনাটি জানাননি।

২১ অক্টোবর প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হন শরীফ। এ খবর শুনে থানায় ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী গৃহবধূ।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, শরীফের বিরুদ্ধে শুক্রবার বিকেলে একটি ধর্ষণের অভিযোগ করেন এক গৃহবধূ। অভিযোগটির সত্যতা পাওয়ার পর ওইদিন রাত ১১টায় লিখিত অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। শরীফ বর্তমানে চারদিনের রিমান্ডে রয়েছেন।

এর আগে, ২১ অক্টোবর ভোরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই প্রবাসীর স্ত্রী। ওই সময় শরীফ কৌশলে তার ঘরে ঢুকে ধর্ষণ করে এবং মোবাইলে ছবি-ভিডিও ধারণ করে পালিয়ে যায়। শরীফ তার দূর সম্পর্কের ভাসুরের ছেলে। এ ঘটনায় ঘটনার দিন দুপুরে চাটখিল থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে ওইদিনই অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর শরীফের দেয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে একটি ইতালিয়ান পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল, একটি বিয়ারের খালি ক্যান ও একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!