ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৫ নভেম্বর ২০২০
রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতির মৃত্যু
ছবি : ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের  রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি বনাঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। রোববার ভোরের দিকে ইউনিয়নের খরলিয়াছড়া শাইরার ঘোনা নামক স্থানে এই ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে হাতিটিকে হত্যা করা হয়েছে। হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান ইউনুছ ভুট্টো।

স্থানীয়রা জানান, দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের শাইরার ঘোনো নামক এলাকায় নুরুল হক নামে এক ব্যক্তি প্রায় ১০০ ফুট বৈদ্যুতিক তার লাগিয়ে বনাঞ্চলে তার প্রজেক্টে বিদ্যুৎ নিয়ে যায়। ওই জায়গায় দিয়ে প্রায় সময় হাতি চলাচল করে। ওই পথ দিয়ে চলাচল করতে গিয়ে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, হাতিটি প্রায় রাতের বেলায় লোকালয়ের কাছাকাছি এসে ধানক্ষেতসহ বিভিন্ন ক্ষেত নষ্ট করতো। তাই এলাকার কিছু লোক পরিকল্পিতভাবে হাতিটিকে হত্যা করেছে।

স্থানীয় রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, হাতির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে দেখে মনে হচ্ছে হাতিটি বেশ বয়স্ক। মৃত্যুর কারণ নির্ণয় করতে ভেটেনারি সার্জনকে ডেকে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, যেখানে মৃত হাতিটি পড়ে রয়েছে সেটি জোত জমি, এর পাশেই বন। ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূরে বাড়িঘর রয়েছে। এসব বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ আছে। হাতিটিকে হত্যা করার আলামত পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, ঘটনার প্রায় ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও হাতি হত্যার ঘটনার কথা জানে না বলে জানিয়েছে কক্সবাজারের পরিবেশ অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!