ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১ এপ্রিল ২০২১
কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে একটি নির্দেশনা পৌঁছায়। এতে হোটেল-মোটেলসহ কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে নির্দেশ দেয়া হয়েছে। আর যে বা যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে। 

Advertisement

এদিকে জেলা প্রশাসনের নির্দেশনার পর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সন্ধ্যায় মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরপরই ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে শুরু করেছে। এরপর থেকে ঘুরতে আসা পর্যটকদের সৈকতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পাশাপাশি সৈকতের বিনোদন ছাতা (কিটকট), বিচ-বাইক ও জেটস্কিসহ সব ধরনের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানও আগে বন্ধ করে দেয়া হয়েছে।

পাশাপাশি সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলোতে নজরদারি রাখতে ট্যুরিস্ট পুলিশের টহলও জোরদার করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

এর আগে করোনা মহামারির কারণে গত বছর ১৮ মার্চ থেকে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন। পরবর্তীতে গত বছর ১৭ আগস্ট থেকে স্বাস্থ্যবিধিসহ নানা নির্দেশনা মানার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!