ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠির আলোচিত সেই মা-ছেলে পেলেন সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ২২ মে ২০২১
ঝালকাঠির আলোচিত সেই মা-ছেলে পেলেন সংবর্ধনা
মা রেহেনা বেগম ও ছেলে টিটুর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এবং ইউএনও রুম্পা সিকদার

করোনাভাইরাসে আক্রান্ত মায়ের জন্য গাড়ি-অ্যাম্বুলেন্স না পেয়ে নিজের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটুকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কক্ষে স্কুলশিক্ষিকা মা রেহেনা বেগম ও ছেলে টিটুর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এবং ইউএনও রুম্পা সিকদার।

সংবর্ধনা পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা-ছেলে। বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, নলছিটি প্রেস ক্লাবের য্গ্ম-সম্পাদক মিলন কান্তি দাস প্রমুখ।

চলতি বছরের ৯ এপ্রিল রেহেনা বেগম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। ১৭ এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যায়। কিন্তু লকডাউনের মধ্যে গাড়ি না পেয়ে ছেলে জিয়াউল হাসান টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে সংকটাপন্ন মাকে মোটরসাইকেলে চড়িয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক পুলিশ সদস্য মোটরসাইকেল আরোহী মা-ছেলের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়।  ছয়দিন চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় মাকে নিয়ে বাড়ি ফেরেন টিটু ও তার ভাই রাকিব। পরে মা সুস্থ হলেও করোনায় আক্রান্ত হন টিটু। ১৫ দিন বাড়িতে আইসোলেশনে থেকে ৯ মে সুস্থ হন। এসব ঘটনা সারাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়। দেশবাসীর প্রশংসায় ভাসেন টিটু।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!