নওগাঁয় বাড়ি নির্মাণের জন্য খনন কাজের সময় প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে র্যাব। বুধবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে এটি উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রাচীন পাল আমলের গৌরী পত্ত শিবলিঙ্গটির ওজন ১০৩ কেজি। উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর নামক এলাকা থেকে এটি উদ্ধার করে র্যাব-৫ এর সদস্যরা। স্থানীয় ধন মোহাম্মদ নামে এক ব্যক্তির বসতবাড়ির ভিত কাটার সময় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়।
.png)
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের মৃত তুরা মোহাম্মদের ছেলে ধন মোহাম্মদ সকাল থেকে তার নিজ বসতবাড়ির ভিত কাটার কাজ শ্রমিক দিয়ে করছিলেন। এ সময় মাটি খননকালে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসে। পরে স্থানীয়রা বিষয়টি র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে অবগত করেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে র্যাবের একটি টহল দল ঘটনাস্থল থেকে ১০৩ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরী পত্ত শিবলিঙ্গটি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত নিদর্শনটি নিকটস্থ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।