অভুক্ত প্রেমিক-প্রেমিকার আকুতি: ‘খাবার দিন নইলে মেরে ফেলুন’
ঢাকার ধামরাইয়ে অভুক্ত থাকার যন্ত্রণায় কাতরাচ্ছে দুইদিন ধরে জনতার হাতে আটক পরকীয়া প্রেমিক যুগল। অসামাজিক কার্যকলাপের দায়ে তাদের অনাহারে রেখে এ শাস্তি দিচ্ছে গ্রাম্য মাতবররা। শুধু তাই নয়, তাদের আত্মীয়-স্বজন কিংবা সংবাদকর্মীদের সঙ্গেও সাক্ষাত করতে দেয়া হচ্ছে না।
ক্ষুধার যন্ত্রণায় ওই প্রেমিক যুগল চিৎকার করে বলছে- ‘হয় খেতে দিন না হয় মেরে ফেলুন অথবা আমাদের পুলিশে সোপর্দ করুন। তবু ক্ষুধার যন্ত্রণা দিয়ে এমন শাস্তি দেবেন না।’
ঘটনাটি ঘটেছে ওই উপজেলার পশ্চিম সূত্রাপুর গ্রামে।
.png)
গ্রামবাসী জানায়, ওই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে বাবু মিয়া বছরখানেক ধরে রাজধানীর হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো বিমানের লেবার পোস্টে চাকরি করছেন। এই সুযোগে জাহাঙ্গীর আলম নামে এক তরুণের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা রোববার ভোরে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী তাদের মারধর করে আটকে রাখে। দুইদিন ধরে ওই প্রেমিক যুগলকে কোনো খাবার দেওয়া হচ্ছে না। এমনকি কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
ওই গৃহবধূর বাবা জানান, তিনি মেয়েকে নিয়ে যেতে চাইলেও গ্রামের মাতব্বররা রাজি হননি। তাদের সাফ কথা- ওই গৃহবধূর স্বামী বাড়ি না আসা পর্যন্ত প্রেমিকযুগলকে আটকে রাখা হবে।
স্থানীয় মেম্বার মো. আবুল হাসেম বকুল বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে এসেছি। ওই গৃহবধূর স্বামী বাবু মিয়া না আসার কারণে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।