ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আল্লাহ, বাবা-মাকে কেড়ে নিয়েছ, বড় ভাইকে কেড়ে নিও না’

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৬ জুন ২০২১
‘আল্লাহ, বাবা-মাকে কেড়ে নিয়েছ, বড় ভাইকে কেড়ে নিও না’
শিক্ষক দম্পতি জিয়াউল হায়দার মন্ডল দুদুল এবং উম্মে কুলসুম হ্যাপি করোনায় মারা গেছেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শিক্ষক দম্পতি। এমন মৃত্যুতে তাদের স্কুল পড়ুনা সন্তান সাজ্জাদ হোসেন হাউমাউ করে কাঁদেন।

কাঁদতে কাঁদতে বলেন, ‘আল্লাহ, আমার বাবা-মাকে তো কেড়ে নিয়েছ। এতিম হয়ে গেছি। এখন আমার আমার বড় ভাইকেও কেড়ে নিও না। তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও।’

লালমনিরহাট শহরের সাপ্টানা বাজার এলাকার শিক্ষক দম্পতি জিয়াউল হায়দার মন্ডল দুদুল এবং উম্মে কুলসুম হ্যাপির ছেলে সাজ্জাদ। করোনা তার বাবা-মা দুজনকেই কেড়ে নিয়েছে। একমাত্র ভাই সাদ্দাম হোসেনও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।  

Advertisement

জিয়াউল হায়দার মন্ডল দুদুল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আর তার স্ত্রী উম্মে কুলুসুম হ্যাপি ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ৭ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান জিয়াউল। এর তিন দিন পর হ্যাপি অসুস্থ হয়ে পড়লে তাকেও রংপুরে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকালে মারা যান তিনি। বড় ছেলে সাদ্দাম হোসেনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি। তার শারীরিক অবস্থাও খারাপের দিকে বলে জানিয়েছেন স্বজনরা।

অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন বলেন,  ‘আমি কী করব বুঝে উঠতে পারছি না। আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ঠেলে দিয়েছে। অসহায় হয়ে গেছি আমি’। 

এ পর্যন্ত জেলায় ৬,৯৪২ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন এক হাজার ১২২জন। মারা গেছেন ২১ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!