ময়মনসিংহে ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা
প্রতিদিনের মতো সোমবার বিকেলেও অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন জীবিকার তাগিদে। তবে রাতে ফেরেননি তিনি। পরদিন একটি ডোবায় দুপুরে মিলল সেই চালকের লাশ। এ ঘটনা ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায়। নিহত অটোরিকশা চালকের নাম রুবেল মিয়া।
পুলিশের ধারণা, চালকের অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে খুন করে ফেলে রেখে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ ঝাউগড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার অটোরিকশাটির কোনো খোঁজ মেলেনি। নিহত রুবেল শম্ভুগঞ্জ পাড়ালক্ষ্মীপুর গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে।
.png)
পুলিশ জানায়, জীবিকার তাগিদে এক বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ ৭ হাজার টাকায় একটি অটোরিকশা কিনেছিলেন। নিত্যদিনের মতোই সোমবার বিকেলে অটোরিকশাটি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে।
পরে মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয়রা শম্ভুগঞ্জ ওই এলাকায় একটি ডোবার মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখলে বিষয়টি জানাজানি হয়। জানতে পেরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ওই স্থানে গিয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মরদেহটি উদ্ধার করে মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।