দুপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি, রাতে যুবকের রহস্যজনক মৃত্যু
পাবনার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির রাতেই সোলায়মান মৃধা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা বলছেন- ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের দাবি- চিকিৎসার নামে নির্যাতন চালিয়ে তাকে খুন করা হয়েছে।
নিহত সোলায়মান মৃধা পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সিংগা উত্তরপাড়া মহল্লার আব্দুল মান্নান মৃধার ছেলে।
আব্দুল মান্নান মৃধা জানান, তার ছেলে দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। নিরাময়ের জন্য তাকে বৃহস্পতিবার দুুপরে স্থানীয় ‘আলোর পথ’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসা ফি বাবদ মাসিক ১০ হাজার টাকার চুক্তি হয়।
.png)
তিনি আরো জানান, সন্ধ্যায়ও ছেলে কেমন আছে জানতে খোঁজ নিয়েছেন। নিরাময় কেন্দ্র থেকে জানান হয়, সোলায়মান খাবার খেয়েছে। অথচ রাতেই জানান হয়- তার ছেলে ফাঁস দিয়েছে আত্মহত্যা করেছে।
‘আলোর পথ’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ম্যানেজার মোসাদ্দেকুর রহমান জানান, সোলায়মান কেন্দ্রের বাথরুমে ঢুকে ফাঁস দেয়। তারা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানেই তিনি মারা গেছেন।
সোলায়মানের বাবা আব্দুল মান্নান মৃধা জানান, সংবাদ পেয়ে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে যান। কিন্তু তিনি ছেলের গলায় ফাঁস দেওয়ার কোনো আলামত দেখেননি। এছাড়া ‘আলোর পথ’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বাথরুমে ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কিছু নেই।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত বিষয় জানা যাবে।