সোমবার দুপুরে ইউপি সদস্য মকলেছ আলীকে আদালতে পাঠানো হয়েছে। রোববার রাত ১১টার দিকে ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন। বর্তমানে কৃষক শাহাদত হোসেন ও বেলায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মকলেছ আলী ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
.png)
রোববার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুই কৃষক উপস্থিত হলে ইউপি সদস্য মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে পেটায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নির্যাতিত কৃষকের পরিবারের দায়ের করা মামলায় ইউপি সদস্য মখলেছুর রহমানকে রাতে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।