কালীগঞ্জে বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক
গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ মো. শহীদুল্লাহ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ওবাইদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা করেছেন। দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান। আটককৃত শহিদুল্লাহ মিয়া উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের মো. সহিজ উদ্দিনের (সাইজউদ্দিন) ছেলে।
.png)
মামলার বাদী এসআই মো. ওবাইদুর রহমান বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সাইজ উদ্দিনের বাড়ির কাছে কয়েকজন বিয়ার বিক্রি করছে। এ সময় তাদের ধাওয়া দিলে ২-৩ জন পালিয়ে যায়। শহীদুল্লাহ সাইজ উদ্দিনের বাড়িতে প্রবেশ করলে তাকে বিয়ারসহ হাতেনাতে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুসারে খাটের নিচে লুকিয়ে রাখা ৫টি কেস থেকে ১২০ ক্যান এবং ১টি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮০ ক্যান মোট ২০৩ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে সারারাত অভিযান পরিচালনা করলেও বাকিদের আটক করা সম্ভব হয়নি। শনিবার সকালে মাদক মামলা শেষে দুপুরে আটককৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়।