ধসে পড়ল বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর, আহত ৭
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এতে সাতজন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার খোরশেদ আলমের ছেলে সেন্টু মোহাম্মদ, সদরঘাট থানার কদমতলী আজিজ কলোনির আবদুল্লাহ’র ছেলে মো. সেলিম, বাকলিয়া থানার বাস্তুহারা এলাকার আব্দুর রহমানের ছেলে বেলাল, দীপক ধর ও পলাশ।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয় থেকে ট্রেজারি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল একটি কাভার্ডভ্যান। সীমানা প্রাচীরের ভেতর ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি প্রাচীরের ওপর দেয়া প্রায় ১শ’ গজ রেলিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে প্রাচীরের অপর পাশে ফুটপাতে থাকা হকার ও পথচারীদের সাতজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
.png)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুপুরে প্রাচীর ধসে আহত সাতজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি দুজন ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশংকাজনক।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দীন বলেন, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়ালে ধাক্কা দিলে তা ধসে পড়ে। এতে হকার ও পথচারীসহ সাতজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।