ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার কাছে ভাড়া চাওয়ায় অটোচালককে গলা কেটে হত্যাচেষ্টা, প্রেমিক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১২ নভেম্বর ২০২১
প্রেমিকার কাছে ভাড়া চাওয়ায় অটোচালককে গলা কেটে হত্যাচেষ্টা, প্রেমিক আটক
আহত অটোচালক আমির হোসেন

লক্ষ্মীপুরে প্রেমিকার কাছে ভাড়ার টাকা চাওয়ায় আমির হোসেন নামে এক অটোরিকশা চালককে মোবাইলে ডেকে নিয়ে মারধর ও গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে প্রেমিক। এরপর তার মোবাইল ও সঙ্গে থাকা ৮০০ টাকা ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুুপুর ২টার দিকে ইমন ও শুভ নামে দুই যুবকের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অটোচালক। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার লাহারকান্দি গ্রামের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমন সমসেরাবাদ এলাকার রশিদ ডাক্তারের ছেলে, শুভ একই এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার অটোচালক আমির হোসেন লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

Advertisement

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর দুই প্রেমিকাকে নিয়ে দিনভর আমির হোসেনের অটোরিকশায় ঘুরে বেড়ায় ইমন ও শুভ। পরে ওই দুই প্রেমিকাকে বাড়িতে নামিয়ে দিলে তারা ইমন ও শুভর কাছে থেকে ভাড়া নিতে বলেন। এরপর ইমন ও শুভকে না পেয়ে ভাড়ার জন্য তাদের প্রেমিকাদের বাড়ির সামনে যায় অটোচালক। বিষয়টি জানতে পেরে ইমন মোবাইলে অটোচালককে শহরে ডেকে নিয়ে যায়। এরপর আমির হোসেনকে টাকা দেওয়ার কথা বলে লাহারকান্দি ইউনিয়নের একটি খামারবাড়িতে নিয়ে যায় ইমন ও শুভ। সেখানে পরিত্যক্ত একটি ভবনে নিয়ে আরো ১০-১২ জন যুবক মিলে আমিরকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে গলাকেটে হত্যার চেষ্টা চালানো হয়। কেড়ে নেয়া হয় তার মোবাইল ও টাকা।

ভুক্তভোগী আমির হোসেন জানান, তিনি ইমন-শুভ ও বাকিদের হাতে-পায়ে ধরে প্রাণভিক্ষা চান। পরে ঘটনা কাউকে না বলার শর্তে এবং হত্যার হুমকি দিয়ে আমিরকে শহরে নামিয়ে দিয়ে যায় তারা। খবর পেয়ে আমিরের স্বজনরা তাকে সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!