মদ নিয়ে যাওয়ার পথে পথচারীকে গাড়িচাপা, যুবক আটক
নেত্রকোনার মদনে ১২ বোতল বিদেশি মদসহ সোহাগ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার নেত্রকোনা-মদন সড়কের জয়পাশা নামক স্থানে সূরুজ আলী (৭০) নামে এক পথচারীকে গাড়ি চাপা দিলে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ।
সোহাগ উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। পথচারী সুরুজ আলীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
জানা গেছে, সোহাগ মিয়া ধোবাউড়ার কলসিন্দুর এলাকা থেকে ৩৫০ গ্রামের ১২ টি বিদেশি মদের বোতল নিয়ে বুধবার বিকেলে মদনের দিকে আসেন। নেত্রকোনা-মদন সড়কের জয়পাশা গ্রামের সামনে এসে সুরুজ আলী নামের এক পথচারীকে মোটরসাইকেলে চাপা দেয়। এ সময় তার ব্যাগে থাকা মদের বোতল রাস্তায় ছিটকে পড়ে ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে মদন থানায় নিয়ে আসেন। এ দিকে পথচরী সূরুজ আলীর অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বিদেশি মদসহ সোহাগ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। সোহাগের মোটরসাইকেল চাপায় আহত পথচারীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।