ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গায়ে ময়দা-ডিম মেখে মাথায় ইট-জুতা বেঁধে জন্মদিন উদযাপন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২৯ নভেম্বর ২০২১
গায়ে ময়দা-ডিম মেখে মাথায় ইট-জুতা বেঁধে জন্মদিন উদযাপন
শরীরে ময়দা ও ডিম মাখিয়ে দেন বন্ধুরা

কেক কেটে জন্মদিন উদযাপন করলেও বেশ কয়েক বছর ধরে চলছে ভিন্নধর্মী এক ট্রেন্ড। শরীরে ময়দা-ডিম মাখিয়ে হাত বেঁধে কিংবা মাথার ওপর ইট বা জুতার মতো বিভিন্ন বস্তু বেঁধে উদযাপন করা হচ্ছে জন্মদিন। আর এমন আয়োজন বেশ উপভোগ করেন বন্ধু কিংবা পরিচিতজনরা।

শহরের পাশাপাশি উদ্ভট এ ট্রেন্ডটি এখন গ্রামেও জনপ্রিয় হয়ে উঠছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাই ট্রেন্ডটি অনুসরণ করেন বেশি। তবে এভাবে জন্মদিন উদযাপনকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।

এমনই ভিন্নধর্মী জন্মদিন উদযাপন করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্র। সোমবার দুপুরে প্রকাশ্যে খুবজীপুর মাঠে কলেজপড়ুয়া আমিরুলের শরীরে ময়দা ও ডিম মাখিয়ে দেন বন্ধুরা। এরপর তার মাথার ওপর ইট ও জুতা রাখা হয়। এ সময় আমিরুলকেও আনন্দ করতে দেখা যায়।

Advertisement

পথচারীদের মধ্যে কেউ কেউ এ দৃশ্য দেখে মজা পেলেও অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিষয়টি সামাজিক অবক্ষয় হিসেবেই দেখছেন সচেতন নাগরিক ও অভিভাবকরা।

এ বিষয়ে খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, জন্মদিন অবশ্যই আনন্দের একটি দিন। কিন্তু যে প্রক্রিয়ায় জন্মদিন উদযাপন করা হয়েছে তা কখনোই কাম্য হতে পারে না। এটা অবশ্যই নিন্দনীয়।

খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমর্থন যোগ্য নয়। আমাদের নৈতিক অবক্ষয়ের একটি উদাহরণ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!