তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার রাহুথর দ্বীননাথ সেবা আশ্রমে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টায় দ্বীননাথ সেবা আশ্রম প্রাঙ্গণে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য মিটিং আহ্বান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট ও মুকসুদপুরের উজানী ইউনিয়নের মোট চৌদ্দটি গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
.png)
মিটিং চলাকালে নামযজ্ঞ পরিচালনা কমিটি গঠন নিয়ে সরোজ কান্তি বাইন ও ডা. তপন মজুমদারের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও চেয়ার নিয়ে মারামারি শুরু করেন। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাশিয়ানীর থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।