ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় চুরি হওয়া ২৪২ বস্তা চাল মিলল পাবনায়

নওগাঁ প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৮, ৫ ডিসেম্বর ২০২১
নওগাঁয় চুরি হওয়া ২৪২ বস্তা চাল মিলল পাবনায়
উদ্ধারকৃত ২৪২ বস্তা চালসহ গ্রেফতারকৃত দুইজন (ছবি: ডেইলি বাংলাদেশ)

নওগাঁর মহাদেবপুর থেকে চুরি হওয়া ২৪২ বস্তা চাল পাবনার চাটমোহর ও আটঘরিয়া থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় নওগাঁর মহাদেবপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি আজম উদ্দিন মাহমুদ।

গ্রেফতাররা হলেন- চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে রফিকুল ইসলাম ও আটঘরিয়া উপজেলার কুমারেশ্বর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে শাহজাহান প্রামানিক।

Advertisement

ওসি আজম উদ্দিন বলেন, গত ১ ডিসেম্বর মহাদেবপুরের ‘ভাই ভাই রাইস এজেন্সি’ থেকে ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশে রওনা হয়। কিন্তু সে চাল আর গন্তব্যে পৌঁছায়নি। চাল মিল মালিক আবু নাসিম মশিউর রহমান বকুল খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তার চাল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছেন। 

তিনি আরও বলেন, এ ঘটনার দুই দিন পর পাবনার একজন চাল ব্যবসায়ী মোবাইল ফোনে বকুলকে জানান, তার প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর খোদাই করা বস্তায় ভরা চাল তিনি কিনেছেন। তিনি আরো চাল কিনতে চান। এ ঘটনায় ব্যবসায়ী বকুল মামলা করলে ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই আবু রায়হান সরদার শনিবার অভিযান চালিয়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার বাহাদুরপুর বাজার থেকে চুরি হওয়া চালের মধ্যে ২৪২ বস্তা উদ্ধার করেন। এ সময় দুইজনকে গ্রেফতার করে মহাদেবপুর নিয়ে আসা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!