ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের পেছাল প্রদীপের দুর্নীতি মামলার চার্জ গঠন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ৬ ডিসেম্বর ২০২১
ফের পেছাল প্রদীপের দুর্নীতি মামলার চার্জ গঠন
বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ছবি: ডেইলি বাংলাদেশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন ফের পিছিয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠনের তারিখ ছিল। একইদিন কক্সবাজারে শুনানির তারিখ থাকায় তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়নি। আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

Advertisement

এর আগে, ২২ নভেম্বর এ মামলার চার্জ গঠন পিছিয়েছিল আদালত। পরে ৬ ডিসেম্বর চার্জ গঠন ও জামিন আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হয়।

২৬ জুলাই আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এতে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। 

গত বছরের ২৩ আগস্ট মো. রিয়াজ উদ্দিন মামলাটি করেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!