উদয়ন বহুমুখী সমবায় সমিতিটির গ্রাহকসংখ্যা আড়াই হাজার। ওই দুই পরিচালক হলেন মো. আইনুল হক ও মো. দৌলত হোসেন। এ নিয়ে গ্রাহকসহ এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নিজেদের আমানতের টাকা ফেরতের দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেন গ্রাহকরা। পরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন তারা।
.png)
অভিযুক্ত আইনুলের বাড়ি মাদারগঞ্জের গুনারিতলা ইউনিয়নের গুনারিতলা গ্রামে। তিনি একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা। আর দৌলত হোসেন একই গ্রামের জাফর আলীর ছেলে।
জানা গেছে, ২০০৫ সালে উপজেলার গুনারিতলা বাজারে উদয়ন বহুমুখী সমবায় সমিতি চালু করেন আইনুল ও দৌলত। লোভনীয় হারে লভ্যাংশ দেওয়ার কথা বলে সঞ্চয়, সঞ্চয়ী পেনশন স্কিম ও মেয়াদি আমানত খাতে গ্রাহক সংগ্রহ শুরু করেন তারা। গুনারিতলা ইউপিসহ উপজেলার বিভিন্ন এলাকার শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আড়াই হাজার গ্রাহক করেন তারা।
বর্তমানে ওই সমিতির প্রায় ১০ কোটি টাকার সঞ্চয় আমানত গচ্ছিত রয়েছে। মাস দেড়েক আগে সমিতির কার্যক্রম গুটিয়ে ওই দুই পরিচালকসহ তাদের পাঁচজন কর্মচারী উধাও হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহ দেখা দেয়। এ পরিস্থিতিতে গ্রাহকরা সোমবার তাদের সঞ্চয়ের টাকা ফেরত পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় গ্রাহকরা তাদের সঞ্চয়ী আমানতের পাস বই প্রদর্শন করেন।
ছয় লাখ টাকার মেয়াদি আমানত সঞ্চয়কারী স্থানীয় চরনাদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, মাস দেড়েক আগে গুনারিতলা বাজারে সমিতির কার্যালয়ে তালা ঝুলতে দেখি। এরপর থেকে সমিতির দুই পরিচালক আইনুল হক ও দৌলত হোসেনসহ সমিতির পাঁচজন কর্মচারী এলাকা থেকে উধাও হয়ে যান। গ্রাহকদের অনেকে প্রতিদিন সমিতি কার্যালয়ে গিয়ে পরিচালকদের না পেয়ে ফেরত আসছেন। সমিতির সব গ্রাহক যেন তাদের কষ্টে জমানো আমানতের টাকা ফেরত পান সেজন্য আমরা জেলা প্রশাসক ও মাদারগঞ্জের ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছি। টাকা ফেরত এবং সমিতির ওই দুই পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে কথা বলতে আইনুল হকের ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। অন্য পরিচালক দৌলত হোসেন মুঠোফোনে বলেন, ২০১৫ সালের পর থেকে আমি ওই সমিতিতে নেই। বর্তমানে যারা আছেন তারা পলাতক। আমি এলাকাতেই আছি। একটি মহল উদ্দেশ্যমূলক আমাকে জড়াতে চাচ্ছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, উদয়ন সমবায় সমিতির গ্রাহকদের সঞ্চয়ের ১০ কোটি টাকা নিয়ে সমিতির দুই পরিচালকের উধাও হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।