ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:০৯, ৭ ডিসেম্বর ২০২১
অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা
সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন পর্যটকরা (ছবি: ডেইলি বাংলাদেশ)

সেন্টমার্টিনে আটকেপড়া চার  শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে চারটি জাহাজে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। ফলে মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চারটি জাহাজে করে ৭০০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গেছেন। তারা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৪টি জাহাজে করে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন।

Advertisement

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সেন্টমার্টিন থেকে জাহাজে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।

গত ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে আটকা পড়েন প্রায় চার  শতাধিক পর্যটক। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!