রায়পুরে চা দোকানির রহস্যজনক মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে দেলোয়ার হোসেন নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ চা দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার সময় পুলিশ মৃতের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকাল ৮টার সময় উপজেলার বামনীর ইউনিয়নের উত্তর বামনী গ্রামের পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার হোসেন ওই গ্রামের ফজর আলী পাঠান ও হায়াতের নেছা দম্পতির ৮ সন্তানের মধ্যে দ্বিতীয় ছেলে। তার অন্ধ স্ত্রীসহ এক প্রবাসী ছেলে ও এক বিবাহিত মেয়ে রয়েছে। তিনি-স্থানীয় চা দোকানদার ছিলেন।
মৃতের বড় ভাই প্রবাসফেরত মো. মুসা মিয়া বলেন, বুধবার ফজরের নামাজের পর পরিবারের কাছে জানতে পারেন দেলোয়ার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। তা স্ত্রী ও সন্তানরা কেউ ছিল না। তার পা মাটিতে লেগেছিল। তাছাড়া সে গ্রামের কয়েকজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠায় ও নিজে চা দোকান দিয়েছেন। পাওনাদারদের চাপে হয়তো আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। গ্রামের কারো সঙ্গে কোন ঝগড়া বা মনোমালিন্য ছিল না। বুধবার সকাল ১০টার দিকে থানার পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
.png)
রায়পুর থানার এসআই জাহাঙ্গীর বলেন, বৃদ্ধ চা দোকানদার দেলোয়ার হোসেনের লাশ বুধবার সকাল ১০টার সময় উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় মৃতের একমাত্র মেয়ে পলি আক্তার বাদী হয়ে ইউডি মামলা করেছেন।