ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বিধবাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড, বন্ধুর যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ১৩ ডিসেম্বর ২০২১
পাবনায় বিধবাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড, বন্ধুর যাবজ্জীবন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবককে নেওয়া হচ্ছে কারাগারে

পাবনায় এক বিধবাকে হত্যার দায়ে রফিকুল ইসলাম রহিম নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় সহযোগিতার দায়ে তার বন্ধু নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। 

সোমবার দুপুরে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন। ২০১৫ সালের ১৮ আগস্ট পাবনা সদর উপজেলার বলরামপুরে বিধবা হেনা বেগমকে তারা খুন করে নদীতে ফেলে দিয়েছিল।

রাষ্ট্রপক্ষের  আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, ২০১৫ সালের ১৮ আগস্ট সদর উপজেলার বলরামপুর পদ্মা নদী থেকে হেনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে হেনা বেগমের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত রফিুকুল ও নুরুলকে আটক করা হয়।

Advertisement

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, পেশায় রিকশাচালক রফিকুল ইসলাম বিধবা হেনা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। রফিকুল বিয়ের আশ্বাস দিয়েছিলেন হেনাকে। হেনা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিলে তাতে অস্বীকৃতি জানান রফিকুল। ঘটনার দিন হেনাকে পদ্মা নদীপাড়ে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে যান রফিকুল। সেখানে তার বন্ধু নুরুলের সহযোগিতায় হেনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ নদীতে ফেলে দিয়ে আসেন তারা। 

এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে আইনজীবী দেওয়ান মজনুল হক জানান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক আরো জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণ ও আসামিদের জবানবন্দিতে অপরাধ প্রমাণিত হয়। আদালত রফিকুল ইসলামকেকে মৃত্যুদণ্ড ও নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।  রায় ঘোষণার সময় আসামি রফিকুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি নুরুল ইসলাম পলাতক রয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!