ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে সংঘর্ষে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১৮ ডিসেম্বর ২০২১
মাদারীপুরে সংঘর্ষে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিসহ প্রায় অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ হয়েছে। 

শনিবার ভোরে উপজেলার পূর্ব এনায়েতনগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ জুলাই মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে ঘুমন্ত বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় মিরাজ হোসেনের পা বিচ্ছিন্ন করে নিয়ে যায় আপাং কাজীর লোকজন। পরে মিরাজের ভাই কবির খাঁ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

Advertisement

পরে পুলিশ আসামিদের গ্রেফতার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৪ ডিসেম্বর বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেন আসামিরা। পরে স্থানীয় লোকজন আহত কৃষককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

উক্ত ঘটনার পর থেকেই উভয় পক্ষের লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার ভোর থেকে ব্যাপক সংঘর্ষ চলে। গোলাগুলিসহ বোমা বিস্ফোরণ হওয়ায় পুরো এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। 

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারের জেরে এই এলাকায় প্রায়ই মারামারি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!