ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলছিটিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৮ ডিসেম্বর ২০২১
নলছিটিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ

বরিশাল-ঝালকাঠি মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মো. সোবাহান খলিফা নামে এক চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

শনিবার সকালে ঐ চালকের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের পাশে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে চালকের পরিচয় শনাক্ত করে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নলছিটি থানাধীন মগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের পাশে ঐ অটোচালকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করেছে।

Advertisement

মৃতের স্বজন সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এনসান আলি খান বলেন, সোবাহান খলিফার কোনো শত্রু ছিল না, কারো সঙ্গে সমস্যা ছিল না। শুক্রবার তিনি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। 

সোবহানের ছেলে আল মামুন জানান, বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে। এ ঘটনায় তারা হত্যা মামলা করবে।

নলছিটি থানার ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, মৃতের মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগের পর ছেলে এসে বাবাকে শনাক্ত করে।

অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি তদন্ত করছে। ঘটনাটি কীভাবে হলো তা তদন্তের পর বলা যাবে। এখনো কাউকে আটক করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!